৮ জুন ২০১৬ - ১২:১৮
জাতিসংঘের ব্লাকলিস্টে সৌদি জোট

জাতিসংঘের মহাসচিব বান কি মুন, সৌদি নেতৃত্বাধীন জোটের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন: যুদ্ধের সময় শিশুদের অধিকার লঙ্ঘনকারী বাহিনীগুলোর ব্লাকলিস্টের অন্তর্ভুক্ত হয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত বৃহস্পতিবার (২ জুন) এক প্রতিবেদনে সৌদি নেতৃত্বাধীন জোটের তীব্র নিন্দা জানিয়েছেন। এ জোটকে তিনি ইয়েমেনি শিশুদের হত্যার অভিযোগে অভিযুক্ত করে বলেন: যুদ্ধের সময় শিশুদের অধিকার লঙ্ঘনকারী বাহিনীগুলোর কালো তালিকার অন্তর্ভুক্ত হয়েছে সৌদি জোটের নাম।

বান কি মুন তার রিপোর্টে উল্লেখ করেছেন: গতবছর ইয়েমেনে ৬০ ভাগ শিশু হত্যা ও আহত করার দায় সৌদি নেতৃত্বাধীন জোটের কাঁধে। গতবছর সৌদি জোটের হামলায় ৫১০ শিশু নিহত এবং ৬৬৭ শিশু আহত হয়েছে।

জাতিসংঘের মহাসচিবের ঐ প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের যে সকল টার্গেটে হামলা চালিয়েছে তার অর্ধেক ছিল স্কুল ও হাসপাতাল।

গত বছর ২৬শে মার্চ ইয়েমেনের গণ ও স্বেচ্ছেসেবী বাহিনী ‘আনসারুল্লাহ’কে দমন করার উদ্দেশ্যে সৌদি আরবসহ অন্যান্য আরব দেশ ইয়েমেনের উপর হামলা চালায়।

বান কি মুন তার প্রতিবেদনে বলেন: সংঘর্ষ বৃদ্ধি পাওয়ার পর শিশুদের (অধিকার) ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে।

আরব উপদ্বীপের সন্ত্রাসী চক্র আল-কায়দা’ও জাতিসংঘের এ কালো তালিকাভুক্ত।

জাতিসংঘের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ঐ সকল বাহিনীকে এ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা শিশুদেরকে সৈন্য হিসেবে নিয়োগ দেয়, ধর্ষণসহ শিশুদের উপর বিভিন্ন যৌন নিপীড়ন চালায়, যাদের হামলায় শিশুরা নিহত বা আহত হয়, যারা হাসপাতাল ও স্কুলে হামলা চালায় এবং যারা শিশুদেরকে জিম্মি করে।#